বরিশাল সদরে শিশু অধিকার সুরক্ষায় ECCR প্রকল্পের যাত্রা শুরু তারিখ: ২০ এপ্রিল ২০২৬ খ্রি.


বরিশাল সদর উপজেলায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার উদ্যোগে ECCR (Empowering Communities for Children Right) প্রকল্পের অবহিতকরণ (ইনসেপশন) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১১:৩০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি আয়োজন করা হয়।

ECCR প্রকল্পটি মূলত শিশু অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি প্রকল্পের আওতায় বেকার যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণ প্রদান, পুষ্টি বাগান স্থাপন এবং কৃষি দক্ষতা উন্নয়ন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে, যা স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন ও টেকসই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফরিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সিভিল সোসাইটি সদস্য এবং ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক রেজিনা জয়ধর। তিনি তার বক্তব্যে প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন এবং শিশু অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও মানব পাচার রোধে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রকল্পের উপস্থাপনা করেন প্রকল্প অফিসার জিস্কেল ইজারদার। এছাড়াও প্রকল্পের সার্বিক ওভারভিউ উপস্থাপন করেন মো: সৈয়দ আলম, MEAL অফিসার। তিনি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম এবং বাস্তবায়ন পদ্ধতি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। উপস্থাপনায় শিশু সুরক্ষা, কমিউনিটি সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন বিষয়ে বিশেষ কার্যক্রম তুলে ধরা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“এই ধরনের শিশু অধিকারভিত্তিক প্রকল্প বর্তমান সমাজে অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা একটি নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তুলতে পারি।”

অন্যান্য বক্তারাও তাদের বক্তব্যে বলেন, শিশু অধিকার রক্ষা, সামাজিক অনিয়ম প্রতিরোধ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, স্থানীয় সরকার ও কমিউনিটির সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। তারা ECCR প্রকল্পের সফল বাস্তবায়নে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রকল্পের ডকুমেন্ট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এবং প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপনীতে আশাবাদ ব্যক্ত করা হয় যে, ECCR প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বরিশাল সদরে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ এবং জীবন-জীবিকা উন্নয়নে টেকসই ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।