বরিশালে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের উদ্বোধন৷


বরিশাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি)’র স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় বরিশাল-ঢাকা মহাসড়কের ছয় মাইল এলাকার পাংশায় প্রায় চার একর জমির ওপর দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিভি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মোঃ ইমরান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাবেয়া বেগম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ফরিদ আহমেদ রেজিস্ট্রার ড. মোঃ সৈয়দ আলী মোল্লা এবং প্রক্টর ড. গোলাম সালেহ আহমেদ সালেম। এ সময় অন্যান্যের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, গণমাধ্যম কর্মী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে বরিশালে আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষা বিস্তারে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশ^বিদ্যালয় সূত্র জানায়, ইতিমধ্যেই স্থায়ী ক্যাম্পাসের জন্য মাস্টারপ্লান প্রস্তুত করে সরকারী অনুমোদন গ্রহন করা হয়েছে। ইউজিভি’র বোর্ড ট্রাস্টিজের ঐকান্তিক প্রচেষ্টার ফলে স্থায়ী ক্যাম্পাসের জন্য কার্যক্রম শুরু করা হয়েছে। ইউজিভি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মোঃ ইমরান চৌধুরী বলেন বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই নানান প্রতিকূলতা কাটিয়ে বর্তমানে মানসম্মত পাঠদানের জন্য ইউজিভি সর্বদা সচেষ্ট রয়েছে। বিশেষ করে করোনকাল অতিক্রমের পাশাপাশি নানান সংকট কাটিয়ে স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহন ছিলো অন্যতম চ্যালেঞ্জ। মহান আল্লাহর করুনা এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য ইউজিভি শিক্ষার পরিবেশ যথাযথ ভাবে বজায় রাখতে বদ্ধ পরিকর বলে জানান ইউজিভি’র চেয়ারম্যান।
উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) প্রতিষ্ঠিত হয়। ইউজিভি’র প্রতিষ্ঠাতা ড. মো. ইমরান চৌধুরী অনুমোদন পেয়ে শিক্ষা মন্ত্রনালয় এবং বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের নিয়ম অনুযায়ী ২০১৭ সালের গ্রীষ্মকালীন সেমিস্টার থেকে শিক্ষাকার্যক্রম শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৪টি অনুষদের অধীনে ৭টি আন্ডারগ্রাজুয়েট, ৫টি গ্র্যাজুয়েট এবং ১টি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। এছাড়াও গত বছর বিশ্ববিদ্যালয়টি একটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের প্রথম কনভোকেশন সম্পন্ন করে।