
জুলাই গণঅভ্যুত্থানের পরে একাকার হয়ে দেশ গঠনের ওপরে গুরুত্বারোপ করেছি
-পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই-র সাথে সৌজন্য সাক্ষাত করতে এসেছিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। শীর্ষ দুই নেতা পৌনে একঘন্টা একান্তে কথা বলেন।
বৈঠক শেষে পীর সাহেব চরমোনাই প্রেসব্রিফিংয়ে বলেন, জনাব তারেক রহমান যে রাজনৈতিক সৌহার্দ দেখিয়েছেন তা অনন্য। দীর্ঘ আলাপচারিতায় জুলাই গণঅভ্যুত্থানের পরে একাকার হয়ে দেশ গঠনের ওপরে গুরুত্বারোপ করেছি। তিনিও রাষ্ট্র পরিচালনায় আমাদের সহায়তা চেয়েছেন। জবাবে সকল ভালো কাজের প্রতি সমর্থন ব্যক্ত করার এবং দেশ-জাতি ও ইসলামের স্বার্থ বিরোধী কাজের নিয়মতান্ত্রিক প্রতিবাদের ইচ্ছা ব্যক্ত করেছি। জনাব তারেক রহমান প্রতিবাদের আগে আলোচনা করার আহবান জানান, আমরা তা সাদরে গ্রহণ করেছি।
জুলাই সনদ ও উচ্চকক্ষের ব্যাপারে জনরায়ের প্রতি শ্রদ্ধা ও মান্যতা প্রদর্শনের আহবান করা হয়েছে। জবাবে বিএনপির নোট অব ডিসেন্ট দেয়া বিষয়গুলো পার্লামেন্টের সিদ্ধান্তের ওপরে ন্যাস্ত করার কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রেসব্রিফিংয়ে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, পুরোনো রাজনৈতিক সংস্কৃতি বদলে দিয়ে জনাব তারেক রহমান যে সৌজন্যবোধের রাজনৈতিক সংস্কৃতির সূচনা করলেন তা প্রশংসনীয়।
আজ ১৬ ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যা সাতটায় বেইলি রোডে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীরের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের উপস্থিত ছিলেন৷